ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা বুঝিয়ে দিতে মালিক পক্ষের কাছে দাবি জানিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
রবিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিভিন্ন অজুহাতে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে কোনও কোনও মালিকপক্ষ ঈদের আগে নিখোঁজ হয়ে যান, যা কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকদের অবহেলা করে বা ঠকিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহজামাল, হাজী মো. শাহাদাত হোসেন, হাফেজ মাওলানা মুয়াবিয়া, ইমাম হোসেন ভুইয়া, মু. শামসুল ইসলাম মোল্লা প্রমুখ।
ইফতার ও দোয়া পর্ব পরিচালনা করেন দ্বীনি সংগঠনের সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা। এর আগে নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান মাওলানা খলিলুর রহমান।







