নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে দলের ঐক্য ও সংহতি মজবুত করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। মেয়রকে স্বপন বলেন, ‘কোম্পানীগঞ্জে দলের মাঝে বিভাজন কমিয়ে দলকে শক্তিশালী করতে হবে।’ এ সময় বিভেদ ভুলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মির্জা কাদের।
শুক্রবার (২১ মে) সংসদ ভবনে আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কার্যালয়ে আসেন আবদুল কাদের মির্জা।
এ সময় আবু সাঈদ আল মাহমুদ স্বপনের অনুরোধে জনগণ ও দলের স্বার্থে বিভেদ ভুলে কাজ করার অঙ্গীকার করেন আবদুল কাদের মির্জা। এ বিষয়ে আবদুল কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, ‘আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাহেবের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একান্ত আলাপ করেছি। আশা করি অতি শিগগিরই সকল সমস্যার সমাধান হবে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন ও জনগণের ভোটে নির্বাচিত একজন মেয়র হিসেবে তাকে অধিকতর দায়িত্বশীল হয়ে কোম্পানীগঞ্জে দলের মাঝে বিভাজন কমিয়ে দলের ঐক্য ও সংহতি মজবুত করতে বলেছি। কোম্পানীগঞ্জে আমাদের দলের কারণে যেন জনগণের মাঝে কোনও উৎকণ্ঠা না থাকে, সে লক্ষ্যে কাজ করার জন্য আমি তাকে অনুরোধ করেছি। তিনি জনগণ ও দলের স্বার্থে বিভেদ ভুলে কাজ করার অঙ্গীকার করেছেন।’
এর আগে গত ২৪ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বৈঠক করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তিনি প্রতিনিধি দলকে ধৈর্য ধরার পরামর্শ দেন।








