বাংলাদেশ আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল রানি এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে প্রয়াত রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে। সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তারাl আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ l
হাইকমিশনার রবার্ট ডিকসন আওয়ামী লীগের প্রতিনিধি দলকে হাইকমিশনে স্বাগত জানান। রানি এলিজাবেথের মৃত্যুতে হাইকমিশনে এসে শোক জানানোর জন্য তাদের ধন্যবাদ জানান। সশরীরে হাইকমিশনে এসে শোক জানানো এবং সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করার জন্য হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামী লীগ প্রতিনিধিদল রানি এলিজাবেথকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাইকমিশনারকে অবহিত করেন।
প্রতিনিধিদলের নেতা প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি বলেন, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না তিনি সারাবিশ্বের অভিভাবক ছিলেন l তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসেন।







