যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াত দেশে সুষ্ঠু নির্বাচনে বাধা। তারা এখন ভিসানীতির আওতায় পড়ার ভয়ে আছে। নিজে যখন মরবো, তোরে নিয়াই মরবো– এই হচ্ছে বিএনপির রাজনীতি। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এসব ষড়যন্ত্র মোকাবিলা করবেন। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
রবিবার (৩০ জুলাই) বিকালে মহাখালী কাঁচা বাজারে বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকা মহানগর যুবলীগ উত্তরের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বিএনপি-জামায়াত সবসময় হত্যা ও খুনের রাজনীতি করে এসেছে। জামায়াতকে রাজনীতিতে এনেছে, মন্ত্রী বানিয়েছে বিএনপি। এরপর তারা গণহত্যার মতোই ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করেছে। এরপরও তারা লেবাস পরে। আমরা নাকি দোষারোপ করি। আমরা নাকি নিপীড়নের রাজনীতি করি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের ওপর চড়াও হয়নি। যে দলে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক, তারা কখনও সাধারণ মানুষের ওপর চড়াও হতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাজীবন মানুষের অধিকার আদায়ের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার।’
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক আবু মুনির শহিদুল হক চৌধুরী রাসেল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।







