আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। যারা আমাদের ক্ষতি করতে চাইবে আমরা তাদের প্রতিহত করবো। ৭ জানুয়ারির নির্বাচন এত সহজ নয়। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এই সন্ত্রাসীদের আমাদের রুখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে কিন্তু আমাদের বসে থাকলে চলবে না।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগে স্থানীয় নির্বাচনি কার্যালয় পরিদর্শন এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দু হলো ঢাকা-৮ আসন। এখানে আপনাদের অনেক অসুবিধা রয়েছে, নাগরিক অনেক সুবিধা থেকে আপনারা বঞ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সিটি করপোরেশনের মেয়রের সাথে সমন্বয় করে আপনাদের জন্য কাজ করবো। আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার। আপনারা চান যাতে রাস্তাঘাট ভালো থাকে, বিদ্যুৎ ও গ্যাস ঠিকঠাকভাবে পাওয়া যায়। আপনাদের এই সমস্যাগুলো যাতে দূর হয় তার জন্য আমি কাজ করবো। আমায় একটু সময় দিবেন। ইনশাল্লাহ সব সমস্যা দূর করে ঢাকা-৮ কে স্মার্ট বাংলাদেশের মডেল তৈরি করবো।
তিনি বলেন, এই আসনে নৌকা বিজয়ী হবে নেতাকর্মীদের পরিশ্রমের মাধ্যমে। এ পরিশ্রমের ঋণ আমি শোধ করতে পারবো কিনা জানি না তবে সারা জীবন আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। আমরা ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইবো। আমরা সকলের কাছে যাবো এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার। আমরা দেশের দারিদ্র দূর করতে চাই এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাই। দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নত ও সমৃদ্ধ জীবন পায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
নিজের সম্পর্কে নাছিম বলেন, আমি রাজনীতির মানুষ। আমি ছোট থেকেই মাঠে-ময়দানে রাজনীতির মাধ্যমে বেড়ে উঠেছি। সব শ্রেণি-পেশার মানুষের সাথে চলেছি। আমার কাছে মানুষের মূল্য অনেক বেশি। আমি কখনও কোনও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করিনি ও বিভেদ সৃষ্টি পছন্দ করি না। যে মানুষ যে পেশারই হোক আমার কাছে সকলেই সমান এবং আমি সবাইকে শ্রদ্ধা করি। তবে যারা অসৎ লোক, মিথ্যা কথা বলে ও মানুষের ক্ষতি করে আমি তাদের পছন্দ করি না।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের মধ্যে যদি কোনও কারণে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয়ে থাকে তার জন্য ধৈর্য ধরতে হবে। ধৈর্যের কোনও তুলনা নেই। নির্বাচন আসছে। আমাদের সব ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা সবসময় এক হয়ে কাজ করে।
মতবিনিময় সভায় শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








