প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূপরেখা অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। এর ব্যত্যয় ঘটলে দেশে গণজোয়ার সৃষ্টি হবে, যা সরকার মোকাবিলা করতে পারবে না।’ শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ও বাংলাদেশের বর্তমান অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকারের অত্যাচারে জনগণ ধৈর্যের শেষ প্রান্তে চলে গেছে। দয়া করে আর আগুন নিয়ে খেলবেন না। সংবিধান পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ আইন মানুষের কল্যাণের জন্য। ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায়। এর ফলে ১/১১ এর অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল।’
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে না পারলে সরকারের অস্তিত্ব থাকবে না। বাংলার মাটিতে আর ৫ জানুয়ারি মার্কা নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম, জাগপার যুগ্ম-মহাসচিব আসাদুজ্জামান আসাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।








