কোন্দল নিরসন ও শান্তিপূর্ণ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি

সালমান তারেক শাকিল ও আদিত্য রিমন
০২ এপ্রিল ২০১৮, ০০:১৪আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৩:১৯

 

রবিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা স্থানীয় পর্যায়ে দৃশ্যমান কোন্দল নিরসন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও বেগবান করাসহ জনসম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার (১ এপ্রিল) রাতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী দলটির সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে নেতারা একমত পোষণ করেন। আর স্থানীয় সরকারের নির্বাচন নিয়েই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল। বৈঠকে অংশ নেওয়া বিএনপির অন্তত ছয়জন নেতা এসব তথ্য জানান।

রবিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার কথা জানান। বৈঠকটি মুলতবি রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সময় বুঝে আবারও বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক দায়িত্বশীল নেতা জানান, প্রায় শ’খানেক নেতা বৈঠকে অংশ নেন। এতে প্রায় ১২-১৪ জন নেতা বক্তব্য রাখেন। প্রত্যেকেই খালেদা জিয়ার জেলে থাকার পরও দলের ঐক্য সুপ্রতিষ্ঠিত থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা খুবই অভাবনীয়, সিনিয়র নেতাদের ঐক্য দেখে  আমাদের দলের নেতারা উজ্জীবিত।’

বৈঠক শুরুর পর সাংগঠনিক সম্পাদকরা সাংগঠনিক প্রতিবেদন পড়ে শোনান। এতে সদ্য সমাপ্ত ইউনিয়ন নির্বাচন, পৌর নির্বাচনসহ বিভিন্ন বিষয় উঠে আসে। একইসঙ্গে এ সময় কারও-কারও রিপোর্টে আসে স্থানীয় কোন্দলের প্রসঙ্গটিও। প্রতিবেদন পড়ে শোনানোর পর সিদ্ধান্ত নেওয়া  হয়, কোন্দল নিরসন করতে কেন্দ্রের নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে হবে। এক্ষেত্রে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত ৭৬টি টিমের সদস্যরা এ বিষয়টি দেখভাল করবেন। এরপরও বড় ধরনের কোন্দল থাকলে এ সম্পর্কে প্রতিবেদন তৈরি করে কেন্দ্রে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে। বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জেলা জেলায় যদি কোন্দল থাকে, তাহলে এটা তৃণমূলের সঙ্গে বসে কেন্দ্রকে সমাধান করতে হবে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির নেতাদের জেলা সফর করা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ সফরে দলের মধ্যে ঐক্য অটুট আছে, তা তৃণমূল নেতাদের মধ্যে তুলে ধরা হবে। তৃণমূল নেতাদের মধ্যে কোনও বিভেদ থাকলে তার নোট নিয়ে আসা হবে। ঢাকায় কেন্দ্রীয় নেতারা পরে সমাধান করবেন।’   

বৈঠকসূত্র জানায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। একইসঙ্গে এই ধারা বেগবান করার পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। এক্ষেত্রে আরও কী-কী নতুন ধরনের কর্মসূচি সামনে দেওয়া যায়, সেই সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় সব বক্তাই খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন।

দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে যাওয়ার বিষয়ে আমরা সবাই একমত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সরকার যদি কোনও সমঝোতায় না আসে, তাহলে রাজনৈতিক দল হিসেবে যে ধরনের কঠোর আন্দোলনে যাওয়া দরকার আমরা যাবো, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে কী ধরনের কর্মসূচি সামনের দিনে দেওয়া হবে তা ঠিক করা হয়নি।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধরী এ্যানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিটিংয়ে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা। দ্বিতীয়ত, দেশনেত্রীর মুক্তির দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলন কীভাবে বেগবান করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আগামী দিনে নতুন কর্মসূচি দেওয়া হবে। তবে সেসব কর্মসূচিও শান্তিপূর্ণ থাকবে। তৃতীয়ত, জেলা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সফরে বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দলের মধ্যে কোনও সমস্যা থাকলে তা সমাধান করা হবে।’ তিনি আরও বলেন, ‘বৈঠকে সবাই একমত হয়েছেন খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউন জানান, ‘আজকের বৈঠক মুলতবি করা হয়েছে। তবে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে প্রধান ছিল খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতি আন্দোলনকে কীভাবে আরও বেগবান করা যায়। এক্ষেত্রে নতুন কর্মসূচি নিয়ে ভাবা হচ্ছে।’

বৈঠকসূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বৈঠকে পরিষ্কার করে জানিয়েছেন,  ‘কয়েকটি দৈনিক ও অনলাইন পত্রিকায় বিএনপির নেতাদের বিরোধ সম্পর্কে খবর প্রকাশ করেছে। এসব খবর বিভ্রান্তিকর।’ এসব খবরে মনোযোগ না দিতে নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে মির্জা ফখরুল জানান, ‘বিএনপি আগের চেয়ে এখন বেশি ঐক্যবদ্ধ।’

ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এ প্রতিবেদককে জানান, ‘বিএনপি নেতাদের মধ্যে এই একতা স্মরণযোগ্য।’ তিনি জানান, ‘নেতারাও তাদের বক্তব্যে দলের ঐক্যের কথা উচ্চারণ করেন।’

বৈঠক সূত্র জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবদীন ও যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দিত করা হয়।

সূত্র জানায়, বৈঠকে কয়েকজন সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে না বাচক বক্তব্য দিলেও অন্যরা নিরুৎসাহিত করেন। বিশেষ করে দুই নেতা, নির্বাচনি পরিবেশ নিশ্চিত না হলে শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিলের পরামর্শ দিলেও বেশিরভাগ নেতাই তা উড়িয়ে দেন।

বিএনপি নেতারা জানান, বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই অবগত। তাদের পরামর্শই ছিল—নেতাদের কাছেই জানতে চাওয়া হোক তারা কী চান। ফলে রবিবারের বৈঠকে প্রায় সব নেতার কণ্ঠেই ছিল, স্থানীয় সরকার নির্বাচনের অংশ নিক বিএনপি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন সব নেতা। দলের চলমান ঐক্য ধরে রাখার বিষয়েও কথা হয়েছে।’

সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। তবে নতুন কোনও কর্মসূচি গ্রহণ করা হয়নি। আগামীতে এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ নিয়ে স্থায়ী কমিটির নেতারা বসে সিদ্ধান্ত নেবেন। জেলা সফর করার জন্য টিম গঠন করা হয়েছে। তারা এ সফরে তৃণমূলকে ঐক্যবদ্ধ করার বিষয়ে কাজ করবে। চলমান আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা নিয়েও কাজ করবে।’

 

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম