জনগণের সঙ্গে ‘প্রতারণাকারী’ সরকারের জয়ল্লোসের চা-চক্রে দেশের গণতন্ত্রমণা, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত কোনও রাজনৈতিক দলই অংশগ্রহণ করেনি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রবিবার (৩ ফেব্রুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, ‘যারা জনগণের ভোট লুট করেছে তাদের সঙ্গে গণতন্ত্রপ্রেমী কোনও ব্যক্তি, দল, গোষ্ঠী কেউই সেই লুটের আনন্দের পাপে অংশগ্রহণ করেনি। এটাই জনগণের বিজয়।’
গোটা জাতির সঙ্গে নির্লজ্জ মহাতামাশার নির্বাচনের পর উল্লসিত সরকারের চা-চক্রের আয়োজন বিবেকহীন আনন্দেরই সমতুল্য বলে মন্তব্য করেন রিজভী।
দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটুকু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে এ নিয়ে জনমনে সংশয় রয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘যেখানে বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্যান্ডার্ড’ বিচার করা হচ্ছে চা-সমুচা ও আলুর চপ এর মূল্যে, জ্ঞানান্বেষণ শ্রেষ্ঠত্ব অর্জনে নয়।’
রিজভী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে শিক্ষাব্রতীদের এই শিক্ষা স্বর থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। শেখার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতার মাধ্যমে সত্যের সন্ধান কখনোই নিশ্চিত হবে না, যদি সেখানে সহাবস্থান ও পরমতসহিষ্ণুতার স্থান না থাকে। মুক্তকণ্ঠে বিতর্কের স্বাধীনতা না থাকে।’
ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে এই নির্বাচন হবে মহাভোট ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি সংযোজন বলেও দাবি করেন রিজভী।







