দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই বিক্ষোভ সমাবেশে সংগঠনটির ২ হাজারের বেশি কর্মীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর পল্টন মোড় থেকে হাইকোর্টের কদম ফোয়ারা মোড় পর্যন্ত রাস্তার শাহবাগগামী লেন বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওই রাস্তার যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে চলাচল করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা আছে।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের সজাগ অবস্থানে থাকতে দেখা গেছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।








