বিরোধী ও বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের প্রধান অংশীদার বলে জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা অনেক সফল। রবিবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল নোমান বলেন, একদিনে কোনও ফলই রাজনীতিতে আসে না। এটা পর্যায়ক্রমে সামনের দিকে এগোতে থাকে। পৃথিবীর কোনও দেশে ফ্যাসিস্ট সরকার গণআন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি।
আগামী নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমরা চাই দিনের নির্বাচন হবে। সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমান জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। গ্রামে একটি থানা তে যে মুক্তিযোদ্ধা ছিল একটা শহরে তত মুক্তিযোদ্ধা ছিল না। অথচ স্বাধীনতার পরে তাদের ভাগ্য আর ফিরলো না। তাদের অর্থনৈতিক উন্নয়ন সরকারের পরিকল্পনায় ছিল না। জিয়াউর রহমান তাদের ভাগ্য পরিবর্তনের জন্য পরিকল্পনা নিয়েছিলেন।
এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংবাদিক নেতা আব্দুল কাদের গণি চৌধুরীসহ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নেতারা।









