‘সহিংসতা ও দোষারোপের’ রাজনীতি নিয়ে ‘ভায়োলেন্স অব পলিটিক্স অ্যান্ড ব্লেমিং’ সেমিনার করছে বিএনপি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠেয় এই সেমিনারে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেমিনারে দেশের রাজনীতিতে সহিংসতা ও দোষারোপ নিয়ে আলোচনা হবে। কি-নোট পাঠ করা হবে সেমিনারে। এতে দেশের রাজনৈতিক দল ও কূটনৈতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
বিএনপির মিডিয়াসেলসূত্র জানায়, অনুষ্ঠানটি সেমিনার হলেও ইতোমধ্যে সরকারবিরোধী রাজনৈতিক ঐক্য করতে বিএনপি যেসব বিরোধী দলের সঙ্গে আলোচনা করেছে, তাদের অনেক দলকেই সেখানে দেখা যেতে পারে। এ ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সিনিয়র নেতারা অংশ নেবেন।
এছাড়া, বিদেশি কূটনীতিক এবং দেশের কয়েকজন বিশিষ্টজনের সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে।








