পঞ্চগড়ে সংঘটিত সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘গত ২ মার্চ পঞ্চগড়ে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনার জন্য ক্ষমতাসীন সরকারের উদাসীনতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতাই দায়ী।'
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বহুকাল থেকেই বিরাজমান। আজ জনগণ দৈনন্দিন অর্থনৈতিক জীবনের দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার। ভোটাধিকার তথা গণতন্ত্রের জন্য মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই শাসকগোষ্ঠীর মদদে এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। যা সরকারের দীর্ঘদিনের অপরাজনীতির কৌশলমাত্র।’
দেশ ও দেশের বাইরের সকল গণতান্ত্রিক শক্তিকে বিভ্রান্ত করার জন্যই কৃত্রিমভাবে ধর্মীয় বিরোধের এ ধরনের ইস্যু উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
এ সময় মির্জা ফখরুল গণতন্ত্রকামী জনগণকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।








