সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেছেন, ‘সংবিধান কি আটলান্টিক মহাসাগর যে নৌকা ছাড়া পার হওয়া যাবে না?’
মঙ্গলবার (২ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী আহমেদ এ প্রশ্ন করেন। তিনি বলেন, ‘সংবিধানের মধ্যেই সংবিধান সংশোধনের সুযোগ রয়েছে।’
রিজভী অভিযোগ করেন, ‘ওরা (সরকার) গায়ের জোরে কথা বলছে। এটা কোনও রাজনৈতিক পরিভাষা হতে পারে না। তাহলে ১৯৯৫-৯৬ সালে কেমন করে হলো? তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা ধ্বংসাত্মক আন্দোলন করেছে; পুলিশ, নেতাকর্মী, ছাত্র—সবাইকে হত্যা করেছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেন, ক্ষমতায় এসেই তা বাতিল করলেন?’
ডিজিটাল আইন প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ‘এ সরকার বিভিন্নভাবে ডিজিটাল আইন দিয়ে ভয়ের রাজ্য তৈরি করেছে। কিন্তু সেই আইনের মাধ্যমে তারা নিজেরাই পরাজিত হচ্ছে, এটা তারা টের পাচ্ছে না। হয়তো টের পাচ্ছে কিন্তু বলছে না। ভেতরে ভেতরে তারা আত্মশক্তি হারিয়ে ফেলেছে। আমরাই বিজয়ী।’








