আওয়ামী সরকারের পদত্যাগের দাবিসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি গণমিছিল করছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর উত্তর ও দক্ষিণের দুই স্থানে থেকে এই গণমিছিল শুরু হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দয়াগঞ্জ থেকে নয়াপল্টন পর্যন্ত গণমিছিল করবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
অন্যদিকে গুলশান থেকে মহাখালী পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
এ ছাড়া বিএনপির এই দুই গণমিছিলে আরও উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ ঢাকার বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে গণমিছিলকে কেন্দ্র করে জুমার নামাজের পরপরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরুর স্থানে এসে জড়ো হতে থাকেন।







