নির্বাচন থেকে দূরে রাখতেই বিরোধী নেতাদের মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯

আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতে এবং নির্দলীয় সরকারের আন্দোলন থেকে বিরত রাখতে বিরোধী দলের নেতাদের মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ আমানউল্লাহ আমানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে, তার স্ত্রীকে তিন বছর। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বিনা কারণে মিথ্যা মামলা সাজিয়ে ১০ বছর কারাদণ্ড দিয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিভিন্ন ছুতোয়, সারা দেশে গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে। কারণ একটাই—সামনে নির্বাচন। এই নির্বাচন থেকে সব বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে হবে। নির্দলীয় আন্দোলনে জন্য এই বিরোধীদলের নেতারা অংশ নিতে না পারেন; সে কারণে তাদের আটক করে রাখা।’

সমাবেশে বিএনপি নেতাকর্মীরা (ছবি: নাসিরুল ইসলাম)

জনগণ এই সরকারকে আর ক্ষমতায় চায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘যেখানেই এই সরকারের পদত্যাগের দাবি উঠেছে, প্রত্যেকটি জায়গায় মানুষ ঝাঁকে-ঝাঁকে, লাখে-লাখে। এরা জনগণকে বোকা বানাতে চায়, প্রতারণা করতে চায়। সবসময় জনগণকে বোকা বানিয়ে ভিন্ন পথে প্রভাবিত করতে চায়।’

তিনি বলেন, ‘আজ শ্রমজীবী মানুষের জীবন আর চলছে না। আজকে তারা চাল-ডাল কিনতে পারছেন না, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না; দ্রব্যমূল্য এত বেশি বেড়ে গেছে। আজ বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে; কিন্তু এসব নিয়ে তাদের কোনও খেয়াল নেই। একটামাত্র খেয়াল, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। এ দেশের মানুষের পকেট কেটে তাদের পকেট ভারী করতে হবে।’

সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

আওয়ামী লীগ সরকারের আমলে ‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই বছরের শ্রেষ্ঠ কৌতুক, গতকাল প্রধানমন্ত্রী একটু আক্ষেপের সুরে বলেছেন—এত ভালো ভালো নির্বাচন করি, আর দেশে-বিদেশে প্রশ্ন করে নির্বাচন ভালো হয় না। তারা নাকি ভালো করে নির্বাচন করেন। আওয়ামী লীগ ভালো নির্বাচন করে—এ কথা শুনলে ঘোড়াও হাসে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও আব্দুল মঈন খান প্রমুখ।

আরও পড়ুন:

এই আন্দোলনের প্রতিপক্ষ কোনও রাজনৈতিক দল নয়, সমাবেশে বিএনপি নেতারা

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান