নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৭:০৫আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৮:৫৮

জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

শুক্রবার (৭ মার্চ) বিকালে নয়াপল্টনে সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।  

সংবাদ সম্মেলনে বসুন্ধরায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাগবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করায় প্রতিবাদ জানানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গত ৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দেশের যেকোনও জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক  উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সব রাজনীতি সচেতন মানুষ অবগত। পূর্বের রেষারেষির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সারজিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। সারজিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’’ হিসেবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

ঘটনাস্থলে ছাত্রদলের কোনও সাংগঠনিক কার্যক্রম ছিল না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে ছিল না। সারজিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনও বিরোধ হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ছাত্রদল সভাপতি জানান, এ ঘটনায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলের কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘সারজিস আলম হামলার শিকার হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতে। তারপরও সেখানে আমাদের কেউ জড়িত রয়েছেন কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।’ 

গত ৫ মার্চ বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান সারজিস আলম। সেখানে তাকে ঘিরে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশতাক তাহমিদ।

পরে ঘটনার বর্ণনা দিয়ে দীর্ঘ স্ট‍্যাটাস দেন সারজিস আলম। সেখানে তিনি লেখেন, ‘১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর; আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না।’

/এমকে/এমএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান