সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় সভাটি শুরু হবে। সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন, তবে বক্তব্য দেবেন না। নাগরিক শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক, বিশিষ্টজনেরা অংশ নেবেন। অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।
নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক ড. মাহবুবউল্লাহর আমন্ত্রণপত্র ইতোমধ্যে দলের সিনিয়র নেতা, বিশিষ্টজনদের হাতে পৌঁছে দিয়েছেন।
আয়োজন সূত্র জানায়, নাগরিক শোকসভায় দেশের স্বনামখ্যাত সাংবাদিক, বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থাকবেন। সিনিয়র রাজনীতিকরা অংশ নিলেও বক্তব্য দেবেন না। তবে নাগরিক সমাজের পক্ষে একাধিক সম্পাদক, অধ্যাপক, সাবেক সরকারি কর্মকর্তারা স্মৃতিচারণ করবেন খালেদা জিয়ার।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।









