রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৪ অক্টোবর দিবাগত রাতে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। এ হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জুবায়ের বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। আমি আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিদ্যমান থাকাবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকরা হামলার শিকার হওয়া খুবই উদ্বেগের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকার পরও তাদের গ্রেফতার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগজনক।
জুবায়ের আরও বলেন, মুক্ত সাংবাদিকতা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে- অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ভবিষ্যতে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তাবে বলে আমরা মনে করি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন