দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির জন্য শীর্ষ নেতাদের দায়ী করে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন দলটির মনোনীত প্রার্থী ও তৃণমূল নেতাকর্মীরা। তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। সেদিন বাবলাকে পাশে রেখে টেপা সাংবাদিকদের জানান, তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম পদত্যাগ করতে হবে। তবে চার দিন পরে এসে মত পাল্টেছেন বাবলা। তিনি বলেন, ‘পার্টি ভাঙনের পক্ষে আমরা না, জাতীয় পার্টি আমাদের ঠিকানা। জি এম কাদেরের নেতৃত্বেই আমরা এগিয়ে যেতে চাই।’
রবিবার (১৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তবে এই সভায় সাহিদুর রহমান টেপা উপস্থিত ছিলেন না।
সভায় বাবলা বলেন, ‘জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে। চার দিন আগে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্ট নিয়ে আমি বা আমরা কেউ জানি না। কিন্তু যে আল্টিমেটাম দেওয়া হয়েছে, সেটার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’
তিনি বলেন, ‘পরিষ্কার ভাষায় আমরা জানাতে চাই, এই দল আমরা রক্ত দিয়ে করেছি। এই দল করতে গিয়ে আমি নিজেও পাঁচবার জেলে গেছে। আমার বাসাবাড়ি লুট করেছে। এখানে আমরা কোনও হটকারী সিদ্ধান্ত নিতে আসিনি। আমরা ঐক্যের ভিত্তিতে এই দল করতে চাই।’
এদিকে সভায় উপস্থিত পার্টির মনোনীত প্রার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে পার্টি ও পার্টির কিছু শীর্ষ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তবে বাবলা তাদের ভাঙনের চিন্তা থেকে দূরে সরে এসে ঐক্যবদ্ধভাবে দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে ভাবতে বলেন।









