বি
এনপির নতুন নাম বাংলাদেশ নালিশ পার্টি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত কয়েক বছর ধরে বিএনপির আন্দোলন, কর্মসূচি দেখে আসছি। দলটির অ্যাকশন শুধু সংবাদ সম্মেলনেই সীমিত। আর সংবাদ সম্মেলনে তারা যা করেন, তাতে দলটির নতুন নাম দিতে হয় ‘বাংলাদেশ নালিশ পার্টি’। বিএনপি— বাংলাদেশ নালিশ পার্টি। বৃহস্পতিবার ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে বিএনপি সবল পার্টি নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিপক্ষ পার্টি হিসেবে দুর্বল। যাকে মোকাবিলা করা আমাদের জন্য দুরূহ।
সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চলমান সাম্প্রদায়িক উগ্রবাদ অভিন্ন বিপদ। এই মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এই বিপদ মোকাবিলায় জনগণকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্রবাদকে রুখতে হবে।
পরবর্তী জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের সংখ্যা এক শ’র বেশি হবে না উল্লেখ করে আওয়ামীর লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের বিশেষ পরিস্থিতিতে সহ-সম্পাদকদের তালিকা দীর্ঘ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ অফিসের কোনও তরুণের সঙ্গে ধাক্কা লাগলেই বলে, আমি সহ-সম্পাদক। কিসের সহ-সম্পাদক? আওয়ামী লীগের সহ-সম্পাদক!
আরও পড়তে পারেন: রাজধানী থেকে স্কুলবাস উধাও!
সম্মেলনের আগে সহ-সম্পাদক হতে ইচ্ছুক ব্যক্তিদের দফতরে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কাউন্সিল হলে কেউ আর সহ-সম্পাদক থাকবেন না। এই জন্য যারা সহ-সম্পাদক হতে ইচ্ছুক, তাদের দফতরে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এবার যোগ্যতা ও দলের জন্য ত্যাগের বিষয়গুলো দেখে সহ-সম্পাদকদের সংখ্যা একশ জনের মধ্যে সীমিত রাখা হবে। এর বেশি সহ-সম্পাদক করার কোনও সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেনে তিনি।
এ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/







