রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে নতুন নির্বাচন কমিশনের (ইসি) ওপরেই জোর দিতে চায় ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন ও ২০ দলীয় জোটের শরিক আন্দালিভ রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এর মধ্যে তরিকত ফেডারেশন ইসির কমিশনার নিয়োগে যে সার্চ কমিটি হবে, সে কমিটিতে দলনিরপেক্ষ কবি ও সাংবাদিক রাখার প্রস্তাব করবে। আর বিজেপির প্রস্তাবে নির্বাচনি ব্যয়সংক্রান্ত বিষয়ে পরিবর্তন দু’টি নতুন বিষয়। দল দু’টির শীর্ষপর্যায়ের একাধিকনেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয়।
সার্চ কমিটিতে কবি ও সাংবাদিক চাইবে তরিকত ফেডারেশন
সরকারদলীয় জোটের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩ ডিসেম্বর বিকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে। এতে দলটির প্রায় ১১জনের একটি প্রতিনিধি থাকবে। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারীর নেতৃত্বে দলের মহাসচিব, যুগ্ম মহাসচিব, প্রেসিডিয়ামের সদস্য ও কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য থাকতে পারেন।
দলীয় সূত্রে জানা গেছে, তরিকত ফেডারেশন ইতোমধ্যে সংলাপের প্রস্তুতি সম্পন্ন করেছে। কয়েকপৃষ্ঠার একটি লিখিত এই প্রস্তাবে ১৯ দফা থাকতে পারে।
দলটির কেন্দ্রীয় প্রেসিডিয়ামের একটি সূত্র জানায়, তারা কয়েকটি নতুন প্রস্তাব উপস্থাপন করবেন মঙ্গলবার রাষ্ট্রপতির বৈঠকে। এক্ষেত্রে সার্চ কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি কমিটিতে দলনিরপেক্ষ কবি, সাংবাদিক রাখার প্রস্তাব করা হবে। এই সদস্যের যুক্তি, বাছাই কমিটিতে এই দুই পেশার লোকেরা এখন পর্যন্ত নিয়োগ পাননি। দেশে এখনও দলসক্রিয় নন, এমন অনেক কবি ও সাংবাদিক আছেন। তবে এ নিয়ে জানতে চাইলে তরিকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল এমপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রস্তাব মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে উত্থাপন করব। আমরা এ নিয়ে কথা বলতে চাই না।’
সূত্র জানায়, পুরো প্রস্তাবে নির্বাচন কমিশন গঠন, কমিশনকে শক্তিশালীকরণ ও বাছাই কমিটিতে পৃথক পৃথক দফা পেশ করবে তরিকত। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়্যবুল বসর মাইজভান্ডারী এ প্রতিবেদককে বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেব।’ তবে কারও নাম প্রস্তাব করা হবে কিনা, এমন প্রশ্ন এড়িয়ে যান তৈয়্যবুল বসর।
তরিকত ফেডারেশন ২০০৮ সালের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। ২০১১ সালে দলটির চেয়ারম্যান নজিবুল বসর মাইজভান্ডারী নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। তবে এবার দলটির সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে তরিকতের একাধিক নেতা জানান।
অর্থবরাদ্দে আগ্রহ বিজেপি’র
নির্বাচনকালীন অর্থবরাদ্দ নিয়ে আগ্রহ দেখাবে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি। সাবেক মন্ত্রী নাজিউর রহমান মুঞ্জুর প্রতিষ্ঠিত দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জানান, ‘মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মূলত দু’টি বিষয়কেই প্রাধান্য দেব। এক্ষেত্রে একটি লিখিত প্রস্তাব রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে।’
আন্দালিভ রহমান পার্থ জানান, ‘রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কেবল নির্বাচন কমিশন গঠনের ওপরেই আলোচনা করা হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও আলোচনা করব না।’ এক্ষেত্রে নির্বাচনি ব্যয় ও ইসির আইন নিয়ে জোর প্রস্তাব দেবে তার দল।
এ প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ জানান, রাষ্ট্রপতির সঙ্গে বিজেপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। বিকাল সাড়ে ৪টায় তাদের বৈঠক গণভবনে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্রকে আরও বেশি নিশ্চিত করতে, নির্বাচন কমিশনকে আরও বেশি সক্রিয় ও শক্তিশালী করা যায়, মূলত এ প্রস্তাবই থাকবে আমাদের আলোচনায়। দেশকে আরও বেশি গণতান্ত্রিক করা যায়, এ নিয়েও মহামান্য রাষ্ট্রপতিকে জানাব।’
এক প্রশ্নের উত্তরে পার্থ বলেন, আমরা বিএনপির প্রস্তাবকে নিচ্ছি না। আমরা আমাদের প্রস্তাব দিচ্ছি। এই প্রস্তাবে নির্বাচনকালীন সরকারের কোনও প্রসঙ্গ থাকবে না।’
/এসটিএস/এমএনএইচ/






