ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলে দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ ডেকেছে বামদলগুলোর জোট। সিপিবি-বাসদ ও বাম মোর্চার সমন্বয়ে গঠিত এই জোট বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি দেয়। একই সঙ্গে তারা ডিজিটাল নিরপত্তা আইনকে মত প্রকাশ ও প্রচারের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার পরিপন্থী বলে উল্লেখ করে অবিলম্বে এ আইন বাতিলের দাবি করেছেন।
রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বামনেতা মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, আব্দুল আজিজ, ফিরোজ আহমেদ, হামিদুল হক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশরেফা মিশু।
সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশের মানুষ কালো আইন আইসিটি অ্যাক্ট-৫৭ ধারা বাতিল চেয়েছিলেন, কিন্তু তাদের ওপর কুচকুচে কালো আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। এই আইন সংবিধান, তথ্য অধিকার আইনসহ সব গণতান্ত্রিক অধিকার ধ্বংস করবে।’ অবিলম্বে এই আইন বাতিল করার আহ্বান জানান সেলিম।
খালেকুজ্জামান বলেন, ‘অসংখ্য কালো আইন দিয়ে গণতান্ত্রিক অধিকার এরমধ্যেই সংকুচিত করা হয়েছে। এখন ডিজিটাল আইনের নামে তাকে শৃঙ্খলিত করা হচ্ছে। এই আইন মন্ত্রী, এমপি, প্রশাসনিক কর্মকর্তাসহ ক্ষমতাসীনদের লুটপাটকে সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে।’
সাইফুল হক বলেন, ‘সমালোচনা করার সুযোগ কেড়ে নেওয়া এবং ক্ষমতাসীনদের লুটপাটকে জবাবদিহীতার ঊর্ধ্বে রাখার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে।’ এই আইন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে করা বলে উল্লেখ করেন আরেক নেতা শুভ্রাংশু চক্রবর্তী।







