ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছে ‘ভয়েস অব বাংলাদেশ’ একটি সংগঠন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিমুখে পুলিশ বাধা দিলে পরবর্তীতে পুলিশের মাধ্যমে স্মারকলিপিটি দূতাবাসে দেয় প্রতিবাদকারীরা।
সোমবার (১৭ মে) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটি রাজধানীর বাড্ডা শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সম্মুখে জমায়েতের পর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিমুখী পদযাত্রা শুরু করে। এসময় পুলিশ তাদের বাধা দেয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে লিখিত স্মারকলিপি দূতাবাসে পৌঁছানোর অঙ্গীকারে অবশেষে দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশের কাছে সেটি হস্তান্তর করা হয়।
এর আগে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক এড. আবেদ রাজা, সংগঠনের নেতা এড. আকবর হোসেন, মোহসীন হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। আবেদ রাজা বাংলাদেশের আপামর মানুষকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অ্যাড. আবেদ রাজার স্বাক্ষরিত স্মারকলিপিতে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে জো বাইডেনের ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে’ বক্তব্যের সমালোচনা করে বলা হয়, ইসরায়েলকে ‘সীজ ফায়ার’ এ বাধ্য করে হামাসের সঙ্গে আলোচনার পরিবেশ করার আহ্বান জানানো হয়। ইসরায়েলি আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড বন্ধ না করালে জো বাইডেন ইতিহাসে অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। স্মারকলিপিতে ১৯৬৭ সাল পূর্ব অবস্থানে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করার আহ্বান জানানো হয়। শান্তি আলোচনার পরিবেশের জন্য জেরুজালেম থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়।








