দীর্ঘদিন কিশোর-কিশোরী, তরুণ-তরুণীর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাদের জীবনে হতাশা-অনিশ্চয়তা নেমে এসেছে আর পাশাপাশি বিদ্যালয় বন্ধ ও দারিদ্র্যের কারণে বাল্যবিবাহ দ্বিগুণ বেড়েছে বলে মনে করে ঐক্য ন্যাপ।
শুক্রবার (৩০ জুলাই) বিকালে দলের প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ঐক্য ন্যাপ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর ও সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমন্ত্রিত জেলা নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে দলের প্রস্তাবে এ কথা উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ তারেক।
সভায় কয়েকটি প্রস্তাব করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা, সাবান/ছাই দিয়ে বারবার হাত ধোয়া, চলাফেরার সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনগণকে সচেতন করে তোলার জন্য গ্রাম-ইউনিয়ন-উপজেলা-জেলায় প্রশাসনের উদ্যোগের পাশাপাশি ঐক্য ন্যাপসহ সমমনা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিকে স্বেচ্ছাসেবার ভূমিকায় নামতে হবে।
ভার্চুয়াল সভায় আলোচনায় অংশ নেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু, রঞ্জিত কুমার সাহা, নাসিরু ইসলাম চৌধুরী জুয়েল, আশেক মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদল, টাঙ্গাইল জেলা নেতা চন্দন কুমার চন্দ, ব্রাহ্মণবাড়িয়ার আবুল কালাম নাঈম, কুমিল্লার মো. বসির নেতৃবৃন্দ প্রমুখ।









