করোনা মোকাবিলায় টিকাকরণ ও মাস্ক ব্যবহারে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেছেন, ‘কোভিড-১৯ মোকাবিলার জন্য বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন নিতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। কোভিড-১৯ মোকাবিলায় মাস্ক একটি মারাত্মক অস্ত্র।’
সোমবার (১১ অক্টোবর) ৯১তম জন্মদিন উপলক্ষে বিকল্পধারার বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতায় এ আহ্বান বি. চৌধুরী।
তিনি বলেন, পথ পরিক্রমার জন্মদিন আসে জন্মদিন যায়। কিন্তু এবারের জন্মদিন এমন একটা পরিস্থিতিতে এসেছে যেখানে কোভিড-১৯ মহামারি সারাবিশ্বসহ বাংলাদেশের মানুষকে, অর্থনীতি ও রাজনীতিসহ নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে এনে দাঁড় করিয়েছে। রাজনীতিতেও এই সংকট একটি বাধার প্রাচীর। দেশে ও পৃথিবীর নানা প্রান্তে বহু মানুষ মারা গেছে।
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলার জন্য তিনটি বিষয় ভাবতে হবে। এক) আমাদেরকে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন নিতে হবে। ২) সামাজিক দূরত্ব অন্তত ছয় ফিট মানতে হবে, ৩) বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। কোভিড-১৯ মোকাবিলায় মাস্ক একটি মারাত্মক অস্ত্র এবং এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং আসুন আমরা সবাই ভ্যাকসিন নিই, মাস্ক পরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি।’
সভায় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী ভার্চুয়াল বক্তৃতায় অংশ নেন।









