বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা গ্রহণের সবধরনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
তারা বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র সিটিজেন দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগছেন। কিন্তু তাকে পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নেতারা বলেন, ‘আইন যেহেতু মানুষের জন্য, সেহেতু প্রয়োজনে আইন সংশোধন করে হলেও একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিৎ।’
তারা বলেন, ‘মানবিকতা রাষ্ট্রের জন্য অপরিহার্য। একজন সিনিয়র নাগরিক হিসেবে অবশ্যই বেগম খালেদা জিয়া রাষ্ট্রের মানবিক আচরণ পাওয়ার অধিকার রাখেন। আইনের মারপ্যাঁচে বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হলে এবং এর ফলে যদি কোনও দুর্ঘটনা ঘটে— সেটি কারও জন্যই সুখকর হবে না।







