জনগণের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করতে বিএনপিকে ডা. জাফরুল্লাহর পরামর্শ নিতে বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫১ বছর উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তবে তিনি আসেননি।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি জানি না মির্জা ফখরুল কেন আসেননি। তিনি অসুস্থতার কথা বলেছেন, হয়তো এজন্যই আসেননি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, যারা ভোট হরণ করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যাদের আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের বিচার হবে না এটা কি হয়? আমরা সবাই বিশ্বাস করি, আন্দোলন করলে সরকারের পতন হবে।
তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সিরাজ সিকদার আন্দোলন করেছিল, বঙ্গবন্ধুর কি পতন হয়েছিল? হয় নাই। জিয়াউর রহমানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তার কি পতন হয়েছিল? হয় নাই। আমরা সেভাবে পতন চাই না। আমরা চাই রাজনৈতিক মাধ্যমে সরকারের পতন হোক। যে যার জায়গা থেকে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।









