এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ জানিয়েছেন, তার দল বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি বলেন, ‘আগে এ সরকারের বিদায়, তারপর নির্বাচন। এই সরকারের অধীনে কোনও নির্বাচনে এলডিপি অংশ নেবে না।’
শনিবার (৭ মে) রাতে কুমিল্লার চান্দিনায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন রেদোয়ান আহমেদ। রবিবার (৮ মে) দুপুরে দলের যুগ্ম মহাসচিব (প্রেস) সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
রেদোয়ান দাবি করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্বই থাকবে না। তাই তারা কখনই সুষ্ঠু নির্বাচন করবে না।
এলডিপি মহাসচিব বলেন, ‘আমরা এ সরকারের বিরুদ্ধে বৃহৎ ঐক্য গড়ে তুলে এদের পতন ঘটাবো। আমাদের আন্দোলন এদের পতনের আগে থামবে না। আগে এ সরকারকে বিদায়, তারপর নির্বাচন।’








