বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও আত্মঘাতী পদক্ষেপের জন্য এখন জনগণকে শাস্তি পেতে হচ্ছে। সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে।’
মঙ্গলবার (১৯ জুলাই) পার্টির ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সদস্যদের সভায় সভাপতি হিসাবে সাইফুল হক এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘বিদ্যুৎসহ জ্বালানি খাতে সীমাহীন চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য এখন দেশের জনগণকে শাস্তি পেতে হচ্ছে। বিদ্যুৎ খাতে যথেচ্ছ লুটপাট ও সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের জন্য দেশের জনগণকে কেন ভুগতে হবে?’
তিনি বলেন, ‘দেশে বিদ্যুতের বিদ্যমান সংকট সরকারের অদূরদর্শীতার পরিণাম। সরকারের বাহাদুরি নেওয়ার ফাঁকাবুলি বিদ্যুৎ সংকটকে ঘনীভূত করেছে।’
সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।









