একই দিনে ৩০০ আসনে ভোটগ্রহণের বিপক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলটি চায় সারাদেশে তিন দফায় ভোটগ্রহণ। রবিবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি তুলেছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি রবিবার বিকালে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।
দলটির ইসিকে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে। তাদের প্রস্তাবগুলো হচ্ছে- স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন; ইসির সার্বিক কর্মকাণ্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের কাজের সুবিধার্থে সামরিক, আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; ইসির সকল পরামর্শ-নির্দেশ রেডিও-টেলিভিশনসহ সকল সম্প্রচার মিডিয়া ও কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য থাকা; সংসদ নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া; কালো টাকার ব্যবহার রোধ ও ভোটকেন্দ্রে পেশীশক্তি প্রদর্শনে জিরো টলারেন্স নীতি অনুসরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা; সারাদেশে একইদিনে ৩০০ আসনে নির্বাচন না করে ৩ দফায় আয়োজন করা এবং ইভিএম এর যান্ত্রিক ত্রুটি রোধ ও সর্বপ্রকার জটিলতা নিরসন করে ভোট কারচুপি ও জালিয়াতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।









