নির্বাচনের সময় ‘নির্দলীয় সরকারের’ রূপরেখা নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৫ নভেম্বর) পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ দাবি জানান।
প্রিন্স এখনই নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেন, ‘কথার মারপ্যাঁচে জনগণকে আর ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’
তিনি বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় থেকে খেলার নামে যারা বর্তমানে ও অতীতে জনগণের সাথে ফাউল করেছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। এজন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।’
জোটের নেতারা জানান, শুক্রবার বিকাল ৪টায় বাম গণতান্ত্রিক জোট উদ্যোগে ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেট থেকে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ হয়। দুর্নীতি, দুঃশাসন রুখে দাঁড়ানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা-খেলাপী ঋণ উদ্ধার, দুর্নীতি-লুটপাটকারীদের শাস্তি, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাম জোটের চলমান কর্মসূচিতে বাম জোটের ঢাকা মহানগর নেতা কর্মীরা এই পদযাত্রা করে।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে এসময় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ডা. হারুনুর রশিদ, শহীদুল ইসলাম সবুজ, জলি তালুকদার, খালেকুজ্জামান লিপন, ডা. জয়দীপ ভট্টাচার্য, বিধান দাশ, তৈমুর খান অপু, রুবেল শিকদার প্রমুখ নেতারা বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন।









