সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) ঢাকা নগরের ত্রয়োদশ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অরূপ দাস শ্যাম ও সাধারণ সম্পাদক সায়মা আফরোজ। মঙ্গলবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে ঢাকা নগর শাখার চতুর্থ সম্মেলন শেষে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।
কমিটির অন্যরা হলেন– সহ সভাপতি নওশীন মুসতানিন সাথী, সাংগঠিক সম্পাদক পঙ্কজনাথ সুর্য, দফতর সম্পাদক শাহিনুর সুমি, অর্থ সম্পাদক জয়মা মুনমুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিয়ান রেহমান রাহাত, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল আঊয়াল স্বপন, সদস্য—১ মশিউর রহমান, সদস্য-২ সুমাইয়া সাইনা, সদস্য-৩ হেমন বর্মন, সদস্য-৪ প্রত্যয়ী প্রিতু, সদস্য-৫ নাবিন আবতাহি।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ঘোষণা করেন সালমান সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যের পর ছয় দফা দাবিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা, কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শেষ হয়।
সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো– ১. জাতীয় শিক্ষাক্রম—২০২১ বাতিল; ২. সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরিবহন নিশ্চিত ও শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলসহ সব গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করা; ৩. কোচিং বাণিজ্য বন্ধ করা এবং স্কুল-কলেজকে শিক্ষার মূলকেন্দ্রে পরিণত করা, শিক্ষা উপকরণের দাম কমানো; ৪. সাত কলেজের ক্লাসরুম শিক্ষক সংকট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, প্রশাসনিক জটিলতা নিরসনে স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ এবং কার্যক্রম চালু করা; ৫. আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন করা, খণ্ডকালীন শিক্ষক নয়-পর্যাপ্ত পূর্ণকালীন শিক্ষক নিয়োগ; ৬. মাদক-জুয়া-পর্নোগ্রাফি-অনলাইন গেম বন্ধে কার্যকর পদক্ষেপ, পাড়ায়-মহল্লায় পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন নিশ্চিত করা।
নগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সায়মা আফরোজের পরিচালনায় ও আহ্বায়ক অরুপ দাস শ্যামের সভাপতিত্বে আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) এর নগর সমন্বয়ক জয়দীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
বক্তারা বলেন, একটি পরিকল্পিত শহর মানুষের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে সাহায্য করে। অপরিকল্পিতভাবে গড়ে তোলাই শহর শিক্ষার্থীদের সর্বাধিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। নেই খেলার মাঠ, নেই সুস্থ সাংস্কৃতিক চর্চা করার কোনও সুযোগ। মাদকদ্রব্য সহজলভ্যতা, পর্ন সাইটে প্রবেশ অবারিত সুযোগ যুবসমাজকে মেরুদণ্ডহীন করে তুলেছে। সমাজে নীতি নৈতিকতা মূল্যবোধহীন একদল মানুষ তৈরি করতে চায় শাসকগোষ্ঠী। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শিক্ষা, সংস্কৃতি, মনুষত্ব রক্ষার লড়াই করে তুলতে চায়।









