আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অভিযোগ করেছে, নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য জেলা, উপজেলা ও মেট্রোপলিটন থানাগুলোতে দলের কার্যকর দফতর এবং তৎপরতা যাচাই-বাছাই কার্যক্রমে কতিপয় কর্মকর্তা অপেশাদার পক্ষপাতদুষ্ট আচরণ এবং হয়রানি করছে।
মঙ্গলবার (২৩ মে) দলের দফতর সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন সই করা বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
নিবন্ধন কার্যক্রমে হয়রানির অভিযোগ এনে আগামীকাল (বুধবার) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে এবি পার্টি। এবি পার্টি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ খ(১)(ক)(ই) এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর বিধি ৬ উপ-বিধি (ঞ)(ই) অনুসারে নির্বাচন কমিশন কর্তৃক আবেদনকারী রাজনৈতিক দলগুলোর জন্য কেন্দ্রীয় দফতর, জেলা ও মহানগর, উপজেলা ও মেট্রোপলিটন থানাগুলোতে দলের কার্যকর দফতর এবং তৎপরতা যাচাই-বাছাই কার্যক্রম গত ২ মে থেকে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে।
এ কার্যক্রমে অধিকাংশ মাঠ পর্যায়ের কর্মকর্তা যথাযথ বিধি মেনে চললেও কতিপয় জেলা, উপজেলা ও থানা কর্মকর্তা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক, অপেশাদার, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ করছেন বলে বিবৃতিতে বলা হয়।









