তালবাহানা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। শুক্রবার (৭ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ আহ্বান জানান নেতারা। সভা থেকে শনিবার (৮ জুলাই) আরপিও সংশোধনী প্রসঙ্গে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার প্রস্তাবে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, ‘কেবল আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচন দেয়— সংসদে এই মর্মে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যও তথ্যভিত্তিক ও গ্রহণযোগ্য নয়। কারণ সরকার ও সরকারি দল ২০১৪ ও পরবর্তী সময়ে ২০১৮ সালে একতরফা জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে কেবল দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেনি, তারা মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়েছে।’
সভায় আন্দোলনের যৌথ ঘোষণা ও গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। প্রস্তাবে আগামী ১৯ থেকে ২১ জুলাই গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহ্বান জানানো হয়।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্য এর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক হাসিবউদ্দিন হোসেন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার প্রমুখ।








