শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী পর কোনও বিকল্প সরকার গঠনের সুযোগ নেই। তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী ইসি গঠন ছাড়া উপায় নেই।
বুধবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত সমাজ’ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে সরকারের প্রভাবমুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন দ্বারা। দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও এটি স্বাধীন কিনা তা নিয়ে বিতর্ক আছে। আর এটি সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায়।’
নির্বাচনই গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই ভোটাধিকার প্রয়োগে বিঘ্ন ঘটে না। কিন্তু দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ সময় পাঁচটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি। প্রস্তাবনাগুলো হলো– নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা দেওয়া; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইনপ্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশ সব রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা এবং এ সংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করে অধ্যাদেশ আকারে জারি করে সেটা বলবৎ করা এবং পরে সংসদে অনুমোদন করা।
সরকারের প্রভাব থেকে মুক্ত রেখে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা দেওয়া হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন বাহাদুর শাহ মোজাদ্দেদী। তিনি বলেন, ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে জনসভা অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, দফতর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম প্রমুখ।









