বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ঘোষিত ফরমায়েশি রায়ের নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় দলের নেতা মঞ্জুর কাদিরের সই করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক সাজানো মামলার রায়কে প্রত্যাখ্যান করছি।’
মান্না উল্লেখ করেন, আদালতে প্রায় ৪৯ লাখ মামলার জট থাকলেও অকল্পনীয় দ্রুতগতিতে চলা এই মামলায় রাত ৮টা-৯টা পর্যন্ত একতরফা সাজানো সাক্ষীকে দিয়ে শেখানো বুলি বলানো হয়েছে আদালতে। মাত্র সাড়ে তিন মাসে ১৬ কার্যদিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করে অতি দ্রুত রায় প্রমাণ করে এই মামলা কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে যখন সরকার তাদের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে উচ্চকণ্ঠে দাবি করছে, তখন প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ্য, প্রহসনমূলক মামলা এবং ফরমায়েশি রায় প্রমাণ করে বাংলাদেশে এই সরকারের শাসনামলে শুধু বিরোধী দল নয়, কোনও সাধারণ মানুষও নিরাপদ নয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন তো দূরপরাহত।’









