‘বিএনপি-জামায়াতসহ দক্ষিণপন্থী সাম্প্রদায়িক অপশক্তি ও মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধে’র দাবিতে যুব-জনতার ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। শুক্রবার (৪ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবের আলোকে এ আহ্বান জানানো হয়।
গৃহীত প্রস্তাবে আরও বলা হয়, মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্প্রদায়িক অপশিক্ত এবং সাম্রাজ্যবাদী গোষ্ঠী একাকার হয়ে বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করছে। তা প্রতিহত করে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা এগিয়ে নিতে বাংলাদেশ যুব মৈত্রী লড়াই অব্যাহত রাখবে।
রাজধানী ঢাকায় তোপখানা রোডে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক তাপস দাস। কেন্দ্রীয় অর্থনৈতিক রিপোর্ট উত্থাপন করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুব্রত কুমার সানা। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহাবুদ রানা তরুন। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতা আব্দুল আহাদ মিনার, অনুপ কুমার পিন্টু, কায়সার আলম, মফিজুল হক জাহাঙ্গীর প্রমুখ।









