এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, ‘আওয়ামী লীগের রুচি ক্রমশ বরবাদ হতে চলেছে। গত দুইবার তারা বিএনপির বদলে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে বেছে নিয়েছিল। জাতীয় পার্টিতেও এখন তাদের ভরসা নেই বলে মনে হচ্ছে। এবার তারা সুপ্রিম পার্টি, বিএনএম, ইনসানিয়াত বিপ্লব পার্টির মতো দলগুলোকে বিরোধী দল বানাতে চায়। রুচির ভয়াবহ অবক্ষয়ে পড়েছে সরকার, তাই বিরোধীদলীয় নেতা হিসাবে রওশন এরশাদের বদলে বিদিশা কিংবা হিরো আলমই এখন তাদের ভরসা।’
শুক্রবার (১১ আগস্ট) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এক দফা দাবি ও দুই দফা আন্দোলনের সমর্থনে রাজধানীর বিজয়নগরের বিজয় একাত্তর চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
তিনি বলেন, ‘দিন যত যাচ্ছে ফ্যাসিবাদী সরকারের ভুলের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। তাদের বন্ধু কমছে, শত্রু বাড়ছে। অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তাদের করুণ পরিণতি হয়েছে। জনগণের দাবি মেনে সরকার যদি অবিলম্বে পদত্যাগ না করে তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে।’
মজিবুর রহমান আরও মন্জু বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দোলন দমন করে আবার জাসদের মতো হঠকারী রাজনীতি চালুর উসকানি দেবেন না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, আব্দুল হালিম খোকন, শাহিনুর আক্তার শীলা, সাইফুল ইসলাম মীর্যাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।









