বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরি থেকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শনিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।
ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন।
বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেওয়ায় এই বন্যার সৃ্ষ্টি হয়েছে। অবিলম্বে এসব গেট বন্ধ করে দিত হবে।
এ সময় এনপিপির চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত রেলসহ অসম চুক্তি বাতিলের দাবি জানান।
নির্বাচন বিষয়ে ফরহাদ বলেন, আমরা সরকারকে কোনও সময়সীমা বেঁধে দিচ্ছি না। তবে জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনারা রাষ্ট্রের কী কী সংস্কার করতে চান, অবিলম্বে সেটার একটি রোডম্যাপ প্রকাশ করুন। এটা দেশবাসীরও প্রত্যাশা।
এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সমমনা জোটভুক্ত গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।









