ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী নবজাগরণ ফ্রন্ট নামে একটি সংগঠন।
মঙ্গলবার (৮) বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আমির হোসেন, লেখক ও গবেষক আসিফ আদনান, সহসম্পাদক রিফাত সাদেক, বাকী বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, গাজা ও রাফায় গণহত্যা ইস্যুতে বিশ্ব মুসলিম সম্প্রদায় উদাসীনতার পরিচয় দিচ্ছে। জাতিসংঘ কোনও কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। সংস্থাটির কার্যক্রম হাস্যকর হয়ে উঠেছে। তারা এ ব্যাপারে বিশ্ব মুসলিমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মুসলিমদের লাশের পাহাড়, জাতিসংঘের মানবাধিকার; আল আকসা, আল আকসা, লাব্বাইক লাব্বাইক; সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমেরিকা নিপাত যাক— স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন শতাধিক কর্মী।









