রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগবিণ্ডায় জড়িয়ে পড়া তিন যুবককে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এ ঘটনায় পার্টির পক্ষ থেকে গত ২১ মে তাকে কারণ দর্শানোর যে নোটিশ দেওয়া হয়েছিল— এর জবাবে হান্নান মাসউদ নিজের দোষ স্বীকার করেছেন। ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৯ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, থানায় আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে হান্নান মাসউদের ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্তে তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯ মে রাতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেফতারে চাপ ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিন যুবক। এ সময় তারা ওসির সঙ্গেও উগ্র আচরণ করেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তাদেরকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ। খবর পেয়ে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন হান্নান মাসউদ। এ নিয়ে সমালোনার মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।









