নির্বাচনি প্রচারণার শেষ দিনে প্রতিশ্রুতির ফুলঝুরি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৫

আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রকার আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। শেষ সময়ের এই মাহেন্দ্রক্ষণে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একে অপরের বিরুদ্ধে অভিযোগের চেয়ে শেষ মুহূর্তের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে ভবিষ্যৎ উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সারা দেশের প্রার্থীরা আজ ব্যাপক গণসংযোগ, পথসভা ও জনসমাবেশের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে শেষ চেষ্টাটি চালিয়েছেন। এছাড়া এদিন রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্যও সম্প্রচার করা হয়েছে।  

তারেক রহমানের ঝটিকা সফর ও প্রতিশ্রুতি 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর ৮টি জনসভায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে আয়োজিত পথসভায় তিনি ঘোষণা করেন, “বিএনপি ক্ষমতায় গেলে কাজের সন্ধানে বিদেশে যেতে ইচ্ছুক তরুণদের সহজ শর্তে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, যাতে কাউকে জমিজমা বিক্রি করতে না হয়।” এছাড়া তিনি কৃষকদের সচ্ছলতা আনা, বেকারত্ব দূরীকরণ এবং আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ‘নিরাপদ বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেন। 

তারেক রহমান বলেন, “বিএনপি অভিজ্ঞতা ও পরিকল্পনার সমন্বয়ে দেশ পুনর্গঠন করবে। নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা থাকে বেশি। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।” নির্বাচিত হতে পারলে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।  

মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, “অন্য দলগুলো হাততালি পাওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বললেও রাষ্ট্র পরিচালনায় বিএনপির মতো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনও পরিকল্পনা তাদের নেই।” এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দুর্নীতি নির্মূল শুধু বিএনপির দ্বারাই সম্ভব বলে জানান তিনি।  

সরকার গঠন করতে পারলে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমাদের প্রধান কাজ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা। আমরা এমন এক নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নির্ভয়ে যাতায়াত করবেন এবং মানুষ চাকরি ও ব্যবসা-বাণিজ্য করে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।”  

যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনি প্রচারণা সভায় তিনি বলেন, “বাংলাদেশে প্রচুর গ্যাস আছে। আমরা ইনশাআল্লাহ গ্যাসের খনি আবিষ্কার করবো এবং সেই গ্যাস উত্তোলনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো। আগের যে সরকার ছিল তারা বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো। কিন্তু দেশের ভেতরে নতুন গ্যাস খনি তারা বের করেনি।”  

বিএনপির চেয়ারম্যান নির্বাচনি প্রচারণার শেষ দিনে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে, এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামপুর রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যায় জনসভায় অংশ নেন তিনি। 

নির্বাচনি প্রচারণায় জামায়াতের আমির

জামায়াত আমিরের প্রচার ও ১১ দলীয় জোট 

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালান। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “জনগণের ভালোবাসা, সমর্থন, ভোটে ১১ দল বিজয়ী হলে মামুনুল হক শুধু ঢাকা-১৩ আসনের প্রতিনিধি হিসেবে নয়, সারা দেশের মানুষ একজন মর্যাদাবান মন্ত্রী পাবে, যিনি সংসদে গিয়ে শুধু ১৩ আসনের জনগণের কথা বলবেন না, তিনি ১৮ কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন। আলেম-ওলামাদের পক্ষে কথা বলবেন। আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবেন। বেইনসাফের বিরুদ্ধে কথা বলবেন। ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন।” এমন একজনকে এই আসনের জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।   

সমাবেশে মামুনুল হক বলেন, “আমাকে বিজয়ী করে সংসদে পাঠালে আমি সেখানে কোরআনের কথা বলার চেষ্টা করবো। আর কোনও মায়ের সন্তানকে মাদকের করাল গ্রাসে ধ্বংস হতে দেবো না। আপনাদের একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১৩ আসন উপহার দেবো।”

বিকালে ডা. শফিকুর রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিশাল গণমিছিলে নেতৃত্ব দেন, যা আগারগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিন সন্ধ্যায় দোহারেও একটি নির্বাচনি সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। 

বিটিভিতে দেওয়া বক্তব্যে জামায়াতের আমির বলেন, “আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই, বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে, তারাই হবে ক্যাপ্টেন, তারাই হবে এটার পাইলট। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। হে তরুণরা তোমরা তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের জন্যে, এই দেশ তোমাদের হাতেই তুলে দিতে চাই।” 

ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি 

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি সোমবার সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তনের আলটিমেটাম দিয়ে বলেন, “অন্যথায় আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। কার পরিকল্পনায় ইসি মিডিয়া ব্ল্যাকআউট করতে চায়, তা জনগণের কাছে স্পষ্ট।” 

নাহিদ ইসলাম সকাল ৮টায় ভাওয়ালিপাড়া থেকে এলাকাবাসীর সাথে মতবিনিময়ের মাধ্যমে আজকের প্রচারণা শুরু করেন। এরপর মাওলানা মামুনুল হকের জনসভায় বক্তব্য রাখেন এবং ফকিরখালি, ময়নারবাগসহ বাড্ডা থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। 

উল্লেখ্য, পরে সন্ধ্যায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভোটার, প্রার্থী এবং এজেন্টরা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। তবে কোনোভাবেই গোপন কক্ষের (ভোট দেওয়ার স্থান) ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ। 

নির্বাচনি বিধিনিষেধ 

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনও এলাকায় জনসভা, মিছিল বা শোডাউন করা যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হবে। 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই