নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের

মহসীন কবির
২০ আগস্ট ২০২৬, ২২:০০আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২২:০০

প্রায় ৩৫ বছর পর ব্যালটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে নির্বাচিত হন তিনি। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেওয়ার মধ্য দিয়ে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মির্জা ফখরুল। রাজনীতির মাঠ থেকে রাষ্ট্রপ্রধান হওয়া মির্জা ফখরুলের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানালেন রাজিনীতিকরা। তারা বলেন, তাঁর মতো ক্লিন ইমেজের ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়া বিএনপির ইতিবাচক সিদ্ধান্ত। কারণ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে দল-মত নির্বিশেষে তিনি সবার কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

অনেকে মনে করেন, তিনি সহজে মানুষকে আপন করে নিতে পারেন। স্বচ্ছ ভাবমূর্তি ও সম্মোহনী নেতৃত্বের কারণে তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেন। বিএনপির মতো দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হলেও ভিন্নমতকেও তিনি সন্মান করেন। তাই তার মতো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ায় এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা তেমন নেই। অতীতের রাষ্ট্রপতিদের ক্ষেত্রে নির্বাহী প্রধানের সিদ্ধান্তকেই অবধারিত মনে করে মেনে নিতে হতো। আবার অনেক রাষ্ট্রপতি সরকারের অন্ধ আনুগত্য মেনে চলেছেন।

সেলিমা রহমান

দেশের সংকটকালে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিভাবকের ভূমিকা পালন করবেন। এমনটি প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘তাঁর মতো একজন সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্বকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সংসদীয় বোর্ড। কারণ দীর্ঘ সাংগঠনিক জীবনে তিনি কোনও বিতর্কিত আচরণ করেননি। তিনি একজন সুবক্তা। নিজের সম্মোহনী নেতৃত্বের কারণে সহজে মানুষকে আপন করে নিতে পারেন। কঠিন মুহূর্তেও রাজনৈতিক ময়দানে দায়িত্ব পালন করেছেন। আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদেও নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন।’’

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন যথার্থ ব্যক্তি। বাংলা ট্রিবিউনকে মান্না বলেন, ‘‘দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি মির্জা ফখরুল। তাঁর জীবনে দুর্নীতির কোনও ছায়া নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। তারপরও তিনি বিচলিত হননি। এখন তিনি রাজনীতি থেকে ভিন্ন অবস্থানে। সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতির তেমন কিছু করার থাকে না। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে তিনি কিছু ক্ষমতা পেতে পারেন। যেহেতু তিনি দল থেকে নির্বাচিত হয়েছেন, তাই তাঁর দল তাঁকে কতটুকু স্বাধীনতা দেয়, সেটাই দেখার বিষয়। তবে আমরা আশা করি, মির্জা ফখরুল তাঁর নিজস্ব প্রজ্ঞার মাধ্যমে সঠিক পথে চলবেন।’’

ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হওয়ার প্রক্রিয়া শুরু হলো। যেহেতু মির্জা ফখরুল গণতান্ত্রিক নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে জয়ী হয়েছেন, তাই তাঁকে আমরা  অভিনন্দন জানিয়েছি। তাঁর কাছে আমাদের প্রত্যাশা, তিনি যেন গণভোটের রায় বাস্তবায়নে নিজস্ব অবস্থান থেকে ভূমিকা রাখেন।’’ পাশাপাশি তিনি দলমতের ঊর্ধ্বে থেকে অভিভাবকের দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুল্লাহ আল ক্বাফী রতন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘বিএনপি তাঁকে মনোনয়ন দিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। কারণ তিনি একটি দল করলেও অন্যান্য দলের সঙ্গেও  সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পেরেছেন। তাঁর সঙ্গে যেকোনও সময়ই দেখা করা যেত।’’ স্মৃতিচারণ করে এই নেতা বলেন, ‘‘খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিপিবির প্রতিনিধি দল দেখা করতে চাইলে সহজে ব্যবস্থা করে দেন তিনি।’’

মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিন নেতা, শ্রদ্ধাস্পদ বড় ভাই ও কঠিন সংগ্রামী রাজনীতির অভিভাবক-সহযোদ্ধা ছিলেন। আজ থেকে তিনি মহামান‍্য রাষ্ট্রপতি। ভাবতেই খুব পুলক অনুভব করছি। কিছুটা স্বপ্নের মতো লাগছে। প্রৌঢ়কালে এসে নেতৃত্বের চাপ কাঁধে নিয়ে বিগত ১৫ বছরের আন্দোলন সংগ্রামে মোট ১১ বার গ্রেফতার হয়ে সর্বসাকুল‍্যে ৩ বছর ৬ মাস কারাভোগ করেছেন তিনি। মাঝে এতই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, বেঁচে আবার ফিরবেন কিনা সে সংশয়ও দেখা দিয়েছিল। দৈহিক নির্যাতন থেকে শুরু করে মানসিক অপমান, অপদস্থতার নানা পর্যায় সয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। বার বার প্রমাণ হয়েছে, তিনি কোমল হৃদয় কিন্তু দৃঢ়। উদারতার কারণে তাকে পছন্দ করার মানুষ যেমন আছে, তেমনই আছে তাঁর প্রচুর সমলোচকও। তৃণমূল থেকে জনগণের প্রতিনিধি হিসেবে রাজনীতি করেছেন। পারিবারিক ঐতিহ্য থেকে শিখেছেন কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়।’’

মঞ্জু বলেন, ‘‘এতদিন তিনি ছিলেন একটি দলের মহাসচিব, এখন পুরো রাষ্ট্রের অভিভাবক ও ঐক্যের প্রতীক। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞাবান ও দায়িত্বশীল নেতৃত্ব রাষ্ট্রকে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপ এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমার প্রত্যাশা।’’

আমরা মনে করি, বিএনপিতে বিভিন্ন দক্ষিণপন্থি নেতা থাকলেও তাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ ছিলেন মির্জা ফখরুল। আমরা আশা করি, তিনি রাষ্ট্রপতি হিসেবেও যোগ্যতার স্বাক্ষর রাখবেন এবং নিরপেক্ষতা রক্ষা করতে পারবেন। এক্ষেত্রে তিনি অসাম্প্রদায়িক মনোভাব বজায় রাখবেন সেই প্রত্যাশা থাকবে।’’

আহমদ আলী কাসেমী

খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেন, ‘‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে স্বাগত জানাই। তবে আমাদের সংবিধানে রাষ্ট্রপতির তেমন কোনও ক্ষমতা নেই। তারপরও তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আর ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল একজন ক্যারিয়ার সম্পন্ন মানুষ। তিনি তৃণমূল থেকে উঠে এসেছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি যেন দলমতের উর্ধ্বে ভূমিকা রাখেন, সেই পরামর্শ রইলো।’’

/এপিএইচ/
সম্পর্কিত
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোর অভিনন্দন
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
সর্বশেষ খবর
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭২
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা