নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ২২:১৫আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২২:৩৬

নির্বাচনের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলমত নির্বিশেষে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালনসহ নিরপেক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন দলের শীর্ষ নেতারা ব্যক্তিগত এবং দলগতভাবে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) , জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা স্মরণ করি, ২০০১-২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এবি পার্টির অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা, যা জাতির নতুন যাত্রায় আস্থার এক দৃঢ় ভিত্তি রচনা করবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এটাই দেশের জনগণের অকুণ্ঠ প্রত্যাশা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে আমরা পূর্ণ আস্থা রাখি ‘

এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক। আমরা দৃঢ়ভাবে আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অভিনন্দন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হ‌ওয়ায় অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে বলেন, ‘দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা আশা করি, তিনি রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ, জাতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা,আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।’

তারা আরও বলেন, ‘আমরা আশা করি, তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংবিধানসম্মত ভূমিকা পালন করবেন।’

চরমোনাই পীরের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ‘রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিনত হয়ছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজন বিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। আমরা প্রত্যাশা করি, যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবন যাচ্ছেন সেই আশাবাদকে কাজে    

রূপান্তর করতে পারবেন। আমরা তার সর্বাঙ্গিন কল্যাণ কামনা করি।’

গণফোরামের এমিরেটাস সভাপতি কামাল হোসেনের শুভেচ্ছা

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণফোরামের এমিরেটাস সভাপতি কামাল হোসেন।  সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সই করা এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘ দেড় দশক ধরে সরকারের দমনপীড়ন, নির্যাতন, মামলা ও কারাবাসের মধ্যেও রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।’

আওয়ামী লীগের আমলে সরকারবিরোধী আন্দোলন এবং একাদশ সংসদ নির্বাচনে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে নির্বাচনি জোট গঠনে মির্জা ফখরুলের ভূমিকার কথা অভিনন্দন বার্তায় স্মরণ করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন।

তিনি বলেন, ‘এক সঙ্গে আন্দোলন করতে গিয়ে আমি তার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্ব দেখে মুগ্ধ হয়েছি। সর্বোপরি সরকারের নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ‘গণতন্ত্রমনা, আদর্শবান, দল ও নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধ, প্রাজ্ঞ’ রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করায় বিএনপি এবং জাতীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কামাল হোসেন।

মামুনুল হকের শুভেচ্ছা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়; বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এমনটা আশা করিনি।’

তিনি বলেন, ‘জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।’

আল্লামা মামুনুল হক বলেন, ‘এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়?

তিনি আরও বলেন, ‘তারপরও আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আশাবাদী। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে তার কাছে আমাদের প্রত্যাশা, তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সহযোদ্ধার কাছ থেকে আমরা এর চেয়ে কম কিছু আশা করি না।’

 

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
সর্বশেষ খবর
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ