জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশব্যাপী বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রাজধানীতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক। সভা পরিচালনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। সভায় মাওলানা মামুনুল হক বলেন, বাবা-মায়ের সুরক্ষার কথা বলে এমন একটি বিল সংসদে পাস করা হয়েছে, যা মুসলিম সমাজের উত্তরাধিকার ব্যবস্থা, ফরায়েজ এবং বিশেষ করে নারীদের প্রাপ্য অধিকারকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমরা এই বিল মেনে নেবো না। অবিলম্বে এটি বাতিল করতে হবে
তিনি বলেন, একজন বাবা-মা আগেও চাইলে সন্তানকে হেবা বা বৈধ উপায়ে সম্পত্তি হস্তান্তর করতে পারতেন। বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করার জন্য দেশে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনও রয়েছে। তাহলে নতুন করে সম্পত্তি হস্তান্তরের সুযোগকে কেন আরও বিস্তৃত করা হচ্ছে— সরকারকে তার জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, শরিয়াহর বিধানকে রাষ্ট্রীয় আইনের ঐচ্ছিক বিকল্প হিসেবে উপস্থাপন করার প্রবণতা গভীরভাবে উদ্বেগজনক। ইসলাম কোনও ‘অপশন’ নয় এবং আল্লাহর বিধান কোনও ‘মেনু’ নয় যে, রাষ্ট্রীয় আইনের কাঠামোর মধ্যে মানুষ ইচ্ছামতো তা গ্রহণ বা বর্জন করবে। মামুনুল হক বলেন, সংসদে পাস হওয়া বিলটি ইসলামি আইন, ফরায়েজ ও সম্পত্তি আইনের বিশেষজ্ঞ আলেম-উলামা ও আইনজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করতে হবে।








