বিভিন্ন দাবিতে শুক্রবার (৯ অক্টোবর) জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সেখানে বক্তারা বলেন, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের কিছু হলে দেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। তার দাঁতভাঙা জবাব দেবে। দেশের ইসলামপ্রিয় জনতার আস্থাশীল ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
তাদের দাবিগুলো ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত ও গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা শুধু দাওয়াত খাওয়ার জন্য ভারতে যাবো না।’
মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও মুফতি নুর মোহাম্মদ কাসেমী ও মাওলানা বিন ইয়ামিনের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুবাশ্বির হোসাইন, মাওলানা গাজী আহমদ আবদুল্লাহ মুসা, মাওলানা মাঈনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী ও সাআদ বিন জাকির।