ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বার্ষিক আইন বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তর্জাতিক আইনি দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণহত্যা’ শীর্ষক আইন বক্তৃতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। শনিবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে বক্তৃতা দেন অস্ট্রেলিয়ার সিডনির ম্যাককুয়ারি ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম তার বক্তৃতায় গণহত্যা ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচারে আইনি কাঠামো নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা বাংলাদেশে কীভাবে গণহত্যা সংঘটিত হয়েছে তাও তিনি নানান আইনি উদাহরণ দিয়ে বর্ণনা করেন। এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সেজন্য গণহত্যা নিয়ে গবেষণা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন– ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. জিয়াউল হক মামুন, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।









