ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছিল এ আয়োজন। সভায় ২০২২ সালের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, ‘এনসিসি ব্যাংকের শেয়ারহোল্ডারস ইকুইটি, মোট সম্পদ, ইপিএস পর্যায়ক্রমে বাড়ছে, যে কারণে আমাদের ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিংয়ে উন্নতি পরিলক্ষিত হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।’ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মো. আবুল বাশারের সভাপতিত্বে সভায় অংশ গ্রহণ করেন– ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং কোম্পানি সচিব মো. মনিরুল আলমসহ ব্যাংকের শেয়ারহোল্ডারা।









