প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে। মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে তিনি প্রথমবারের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গত দুই মেয়াদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাইম ব্যাংক বেস্ট ডিজিটাল ব্যাংক, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক খাতে সুশাসন, লিঙ্গ বৈচিত্র্য, টেকসই উন্নয়ন এবং সুযোগ্য নেতৃত্বসহ নানা বিষয়ে মাইলফলক অর্জন করেছে।
তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বনস খাতের সঙ্গে সংযুক্ত একটি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান। এছাড়া তিনি যুক্তরাজ্যভিত্তিক ডেভলপমেন্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের একজন উপদেষ্টা।
তিনি দুই মেয়াদে (২০১৪-২০২১) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের (এসএমএমএবি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বও পালন করেছেন।









