ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও কূটনীতিক কে. এম. মোজিবুল হক। সম্প্রতি ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
কুমিল্লা জেলার মুরাদনগরে জন্ম নেওয়া মোজিবুল হক দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং করপোরেট খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা বারো বছর বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে স্বীকৃতি লাভ করেন।
তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ১৯৯২ সালে জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি এবং ১৯৯৩ সালে জেসিআই ইন্টারন্যাশনালের বিশ্ব সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচি এফইআর-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক এবং কনসুলার কর্পস বাংলাদেশের (সিসিবি) প্রেসিডেন্ট ও ডিন হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল এবং টিএএস এভিয়েশন গ্রুপসহ বেশ কিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৬–২০২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।
নতুন দায়িত্ব গ্রহণ করে মোজিবুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








